নতুন যুগের জীবনধারা শুরু হয় “শুধু কৃতজ্ঞতা” দিয়ে
প্রকাশের তারিখ
অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো ক্ষমতা অর্জনের চেষ্টা কখনো কোরো না।
নিজেকে পরিশীলিত করা ও ঊর্ধ্বে তুলে ধরার কাজেই নিজেকে নিয়োজিত করো। এটুকুই যথেষ্ট।
তখন কোনো অসাধারণ ক্ষমতার প্রয়োজন হলে তোমার উচ্চতর সত্তা সেটি প্রকাশ করবে। অদৃশ্য কিছু দেখার দরকার হলে তোমার উচ্চতর সত্তা তোমাকে তা দেখতে সক্ষম করবে।
এসব চেয়ে পাওয়ার বিষয় নয়। তোমার গভীরে যারা আছেন, তাঁরা বলেন, “যখন তোমার কোনো শক্তির প্রয়োজন হবে, আমরা তা তোমাকে দেব। এখন দিইনি, কারণ এখন তোমার তা দরকার নেই।”
এমন ক্ষমতা বিকাশের চেষ্টা করে পাওয়া যায় না। মানুষের গভীরে এমন শক্তি নিহিত আছে, এটুকু বিশ্বাস করাই যথেষ্ট।
যদি তোমার উড়তে হয়, তুমি উড়তে পারবে। জলের ওপর দিয়ে হাঁটতে হলে তুমি তা পারবে। সুনামি এলে আর তা থামানোর দরকার হলে তুমি ঢেউকেও দুই ভাগ করে দিতে পারবে। ক্ষুধার্ত মানুষ তোমার সামনে দাঁড়ালে আর তাদের খাওয়ানোর প্রয়োজন হলে তুমি শূন্যে হাত বাড়াতে পারো। হয়তো তোমার হাতের তালুতেই তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার মতো খাবার দেখা দেবে।
কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আগে করতে হবে। যা-ই ঘটুক, মনকে সব সময় অটল রাখো। নিজের উচ্চতর সত্তার সঙ্গে সর্বদা এক হয়ে থাকো। এমন মানুষ হও, যে বলতে পারে, “আমার উচ্চতর সত্তার মনই আমার মন হয়ে উঠেছে। আমার মুখ দিয়ে আমার উচ্চতর সত্তার কথা বেরিয়ে আসছে। আমার উচ্চতর সত্তা আমাকে যা করতে চান, সেটিই আমার কাজ হয়ে উঠেছে।”
এভাবে বাঁচলে সামনে কেবল এমন সব কিছু থাকবে, যার অপেক্ষা তুমি আনন্দ নিয়ে করবে। সেখানে পৌঁছতে নিজেকে পরিশীলিত ও উন্নত করার কাজে এমন আনন্দ আর উল্লাস নিয়ে মন দাও, যা ধরে রাখা কঠিন।
সবকিছুর মতোই, প্রাণবন্ত আনন্দ ও উল্লাসের তলায় আরও গভীর এক মনোভাব রয়েছে, যা তাদের ভিত্তি জোগায়। তা হলো “শুধু কৃতজ্ঞতা”র হৃদয়। নিজের চেতনা এমন স্তরে উন্নীত করো, যেখানে কেবল কৃতজ্ঞতা আছে। সবকিছু ও সবার প্রতি যে কৃতজ্ঞতা ভেতর থেকে অবিরাম উৎসারিত হয়, তা নিজের মধ্যে লালন করো।

তখন নিজেকে পরিশীলিত ও উন্নত করার মধ্যে যে নিখাদ আনন্দ রয়েছে, তা স্বাভাবিকভাবেই অনুভব করবে। নিজেকে জোর করে আনন্দিত বা খুশি করতে চাইলে এমন অনুভূতি সচরাচর আসে না। তাই সবকিছুর প্রতি কৃতজ্ঞতা অনুশীলনের জন্য তোমার সময় প্রয়োজন।
“কীসের জন্য কৃতজ্ঞ হব?” বা “আমার তো একটুও কৃতজ্ঞতা অনুভব হচ্ছে না”—এমন ভাবলেও অসুবিধা নেই। প্রথমে কেবল কাজটা অভ্যাসের মতো করে গেলেও চলবে। “এভাবে করা কি সত্যিই ঠিক?” ভাবতে ভাবতেও তুমি তা করতে পারো। তুমি যে-ই হও, মুক্ত হৃদয়ে অনুশীলন করলে প্রকৃত কৃতজ্ঞতা স্বাভাবিকভাবেই তোমার ভেতরের গভীর থেকে উঠে আসবে।
পৃথিবীর অনেকেই ভাবেন, “আমি কখনো এমন কিছু করিনি। কৃতজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নিলেই যে সহজে কৃতজ্ঞতা অনুভব করব, তা তো নয়।” এটা একেবারেই স্বাভাবিক। মনে মনে “অমন একজনকে কেন ধন্যবাদ দেব?” ভাবাও স্বাভাবিক। সে অবস্থাতেও তুমি যদি হাসো, স্বর কোমল করে বলো, “ধন্যবাদ”, তাহলে তা ধীরে ধীরে প্রকৃত কৃতজ্ঞতা হয়ে উঠবে।
তাই প্রথমে অভিনয় করলেও চলবে। তুমি অভিনেতা হতে পারো। এভাবে চালিয়ে গেলে প্রকৃত কৃতজ্ঞতার স্পন্দন তোমার জীবনের আলো থেকে প্রকাশ পাবে।






